ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবৈধভাবে বালু তোলায় ঝুঁকিতে রেল সেতু 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ১২ মে ২০২০
অবৈধভাবে বালু তোলায় ঝুঁকিতে রেল সেতু 
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় আত্রাই নদীর ত্রিবেনী তীর্থ স্থান ও মহা শ্মশানঘাট এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার অভিযোগ উঠেছে। 

অবৈধভাবে বালু তোলায় ঝুঁকিতে রয়েছে তীর্থ স্থান, শ্মশানঘাট ও রেল সেতু। 

মঙ্গলবার দুপুরে ডিসি বরাবর চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুর ইউপির গলাহার ত্রিবেনী তীর্থ স্থান ও মহাশ্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতি যোগেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক সুবাশ চন্দ্র রায় স্বাক্ষরিত একটি অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটিতে ৪৯৩ জন এলাকাবাসী স্বাক্ষর করেছেন। 

অভিযোগে বলা হয়, ত্রিবেনী তীর্থ স্থান ও মহাশ্মশানঘাটের পাশ দিয়ে আত্রাই নদীর বালু মহলের ইজারা গ্রহণ করেছেন এক ব্যক্তি। নিম্ন তফশীল ভুক্ত সম্পত্তি বাংলাদেশের অরক্ষিত একমাত্র ত্রিবেনী তীর্থ স্থান ও মহাশ্মশান ঘাটের নিজস্ব সম্পত্তি। যা সনাতনধর্মী ব্যক্তিদের তীর্থস্থান ও মৃত্যুর পরবর্তীতে সৎকারের জন্য ঐতিহাসিক স্থান। 

তীর্থ স্থানটি কাউগাঁও রেল ব্রিজ থেকে আনুমানিক ২০০ ফুট উত্তর পাশে অবস্থিত। উক্ত সম্পত্তিতে ইজারাদার অবৈধ ড্রেজার মেশিন দিয়ে আনুমানিক ৪০ থেকে ৫০ ফুট গভীর করে বালু তুলছে। যা রেলওয়ে কাউগাঁও সেতু চরম ক্ষতির সম্মুখিন হচ্ছে। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের তথা সনাতন ধর্মীয় ব্যক্তিদের তীর্থস্থান ও মহা শ্মশানঘাট বিলুপ্তির সম্মুখিন হচ্ছে। 

এলাকাবাসীসহ ত্রিবেনী তীর্থ স্থান ও মহা শ্মশানঘাটটির কর্মকর্তা ও ৭ নম্বর আউলিয়াপুর ইউপি পুজা উদযাপন পরিষদের কর্মকর্তারা বাধা দিলেও ইজারাদার কোনো প্রকার কর্ণপাত করছে না। 

গত ৬ মে ইজারাদারের বেআইনী কাজে অনুরোধ করে বাধা দিলে ইজারাদারের লোকজন প্রাণনাশসহ চরম শান্তি ভঙ্গের হুমকী দেয়। 

অভিযোগপত্রে রেলওয়ের সম্পদ, তীর্থস্থান ও মহা শ্মশানঘাট রক্ষাসহ অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্টদের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!